ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া; ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (১৩ সেপ্ েম্বর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সুন পুণ পরিকল্পনায় রবিবার দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী ও শশীদল বিওপি’র টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অংশ নেয়। বিজিবি জানায়, অভিযানে জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যে মধ্যে রয়েছে— শাড়ি, গরু, আতশবাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল এবং টিনা সাবান। সব মিলিয়ে জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’— এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, দেশের সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাচালান পণ্য জব্দ করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।



