সীতাকুণ্ড প্রতিনিধি :::
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সীমানার ভেতরে গাড়ি রাখা নিয়ে বাকবিতন্ডায় আহত হয়েছেন পুলিশ সদস্য শফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাক বিতন্ডা রূপ নেয় হাতাহাতিতে। এই ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম পুলিশ সদস্য আহত হবার ঘটনা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই সীতাকুণ্ড থানার সামনে ভিড় করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে দিতে থাকেন বিভিন্ন ধরনের স্লোগান।
বিএনপি নেতাকর্মীদের দাবি সামান্য ঘটনাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে পুলিশের কিছু সদস্য। জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর বলেন, গাড়ি রাখার বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পুলিশ সদস্য ‘আপনি আমাকে চেনেন?’ এমন বাক্য ব্যবহার করায় যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটান। তাঁর দাবি, একটি ছোট বিষয়কে কেন্দ্র করে একজন নেতাকে এভাবে থানাহাজতে আটকে রাখা ঠিক হচ্ছে না। ‘




