চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) দুপুরে কোতোয়ালি থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পোলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে চুরির সন্দেহে ওই যুবককে আটক করে মারধর করা হয়। এক পর্যায়ে গণপিটুনির শিকার হয়ে স্কুলের সামনের ফুটপাতেই তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, রেলওয়ে পাবলিক হাই স্কুলের নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করেন ।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে চাইলে স্থানীয় কিছু লোক বাধা সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নজমুন নূর বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সন্দেহে ওই যুবককে মারধর করা হলে তিনি মারা যান।




