চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামীকাল বুধবার (১০ জুন) চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
মঙ্গলবার (৯ জুন) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদলটি ১০ থেকে ১৩ জুন পর্যন্ত কুনমিংয়ে অবস্থান করবে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আকতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে আগামী ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ‘৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে এক একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।




