নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির কেয়ারটেকার হোসেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বিষয়ট। নিশ্চিত করে বলেন , ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মধ্যরাতে ওই বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে কয়েকজন। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পালিয়ে যায়।
গত দুই বছরে কয়েক দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বাড়িতে হামলা হয়েছে বলে জানান স্থানীয়রা।
চসিকের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন চশমা হিলে কয়েকদফা হামলা হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যায় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও সাবেক শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল। সর্বশেষ ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেখা যায় মুহিবুল হাসান নওফেলকে। সংবাদ সম্মেলনের নওফেলের ভূমিকার প্রতিক্রিয়া হিসেবে সংক্ষুব্ধ জামাত-এনসিপির সমর্থকরা এই পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দাবি স্থানীয়দের।




