চুয়াডাঙ্গা প্রতিনিধি ::
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাচারের সময় একটি ট্রাক থেকে ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে এসব সার জব্দ করা হয়। পুলিশ জানায়, আলমডাঙ্গা হাঁপানিয়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করেন। পরে ট্রাকটি তল্লাশি করে ৪৪০ বস্তা টিএসপি সার পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন— ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে ট্রাকচালক শাকিল হোসেন, খুলনার ইসরাফিল ও আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মিনারুল ইসলাম।
আলমডাঙ্গা হাঁপানিয়া ক্যাম্পের ইনচার্জ জুম্মান খান সার জব্দেরের বিষয়টি নিশ্চিত করেছেন।



