নিজস্ব প্রতিবেদক ::
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয়দের ধাওয়ার মুখে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে বেতুয়াবাগ বাজার এলাকায় স্থানীয় দু’দলের তরুণদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা তুহিন নামের এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে পিস্তলটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন ওই অস্ত্র প্রদর্শন করে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।




