গোপালগঞ্জ প্রতিনিধি ::
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির এক ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আরাফাত ইসলাম নয়ন শেখ উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত নয়নের বাবা খালিদ শেখ আজ বুধবার টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের এবং বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন ও রাকিব।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির নতুন শিক্ষার্থীদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটলে উভয় পক্ষের অভিভাবক ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।
আহতের খালিদ শেখ জানান, ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে আমার ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন আশেপাশের লোকজন। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মারপিটের ঘটনায় খালিদ শেখ নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




