আন্তর্জাতিক ডেস্ক ::
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে ভারতের নতুন দল ককরোচ জনতা পাটি-সিজেপি। এক মাসেও বেশি সময় ধরে তারা দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের আন্দোলনে সংহতি জানাতে গত ২৮ জুন থেকে যন্তর-মন্তরে আমরণ অনশন শুরু করেন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক।
গত শনিবার পুলিশ তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করেছে। গতকাল সোমবার বসেছে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন। প্রথম দিনেই ককরোচ জনতা পাটি ‘সংসদ চলো’ কর্মসূচি ঘোষণা করে। তবে পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। বরং লাঠিপেটা করে ছাত্রদের সমাবেশ পণ্ড করে দেয়। ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে সরব হয়েছেন ভারতের সেলিব্রেটিরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ কেউ সরাসরি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।
তারা পুলিশি হামলার নিন্দা জানিয়ে ছাত্রদের কথা শোনা ও তাদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচির আগে অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা-পরিচালক প্রকাশ রাজ যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আন্দোলন যে শান্তিপূর্ণ এবং সাংবিধানিক মূল্যবোধের ওপর ভিত্তি করে তৈরি, তা উল্লেখ করে শাবানা আজমি বলেন, ‘আমরা যারা এখানে এসেছি, তারা সবাই একটি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিতে এসেছি, যা আমাদের দেশের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। মহাত্মা গান্ধী আমাদের শিখিয়েছেন কীভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হয়, আমরা সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই এখানে এসেছি। আমাদের কোনো সহিংসতা ছড়ানোর উদ্দেশ্য নেই এবং আমরা সেই দৃঢ় আশা নিয়েই এখানে দাঁড়িয়ে আছি।
তবে তার আশা পূরণ হয়নি। ছাত্ররা শান্তিপূর্ণ থাকলেও পুলিশ হামলা চালিয়ে পরিস্থিতি অশান্ত করে তোলে। পাঞ্জাবের প্রতিবাদী কণ্ঠ অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়।’
জনগণের কণ্ঠস্বরকে ঈশ্বরের কণ্ঠস্বর আখ্যা দিয়ে তিনি কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ক্ষোভ ও অভিযোগ শোনার অনুরোধ জানান। কৃষকদের আন্দোলনের সময় কথা বলায় তাকে কীভাবে ’দেশদ্রোহী’ তকমা দেওয়া হয়েছিল, সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে এই গায়ক বলেন, তখন তাকে অনেক ভুগতে হয়েছিল এবং এবারও হয়তো তাকে দেশদ্রোহী বলা হবে। তারকা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের কথা শোনার দাবি জানিয়েছেন।




