চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার একটি মাদ্রাসার চালকের বিরুদ্ধে এক ছাত্রকে (১৫) বলৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজহার উদ্দীন (৪৮) নামে ওই শিক্ষকের বিরুদ্ধে খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি আজহার উদ্দীন বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে খুলশী থানাধীন সেগুন বাগান এলাকার তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উক্ত মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। গত ১১ জুলাই রাতে মাদ্রাসার পরিচালক আজহার উদ্দীন ওই ছাত্রকে নিজ অফিসে ডেকে নিয়ে যান এবং সেখানে বলৎকার করেন। পরবর্তীতে শিশুটি বিষয়টি তার পরিবার ও মাদ্রাসার বাবুর্চীকে জানালে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। এ নিয়ে পারিবারিকভাবে আলোচনার পর ২৪ জুলাই রাতে ভুক্তভোগীর মা রোজীনা আক্তার বাদী হয়ে খুলশী থানায় এজাহার দায়ের করেন। নথিপত্র অনুযায়ী, ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা নম্বর- ২১, তারিখ: ২৪/০৭/২০২৬ ইং রুজু করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় অপরাধ নথিভুক্ত করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এজাহার গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে।ঘটনার সাথে জড়িত থাকায় শনিবার সকালে সেগুন বাগান মাদ্রাসার পরিচালক মামলার আসামি আজহার উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।




