নিজস্ব প্রতিবেদক ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুল নেওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী বলেন, ‘আমি একটা প্রশ্ন পেয়েছি, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ওপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে।
তবে এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি।’
বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এমন গুজব যারা ছড়াচ্ছেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে গুজব কানে আসেনি, সে বিষয়কে আমরা এখন পর্যন্ত আমলে নিতে চাচ্ছি না।’
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমাদের দেশ-জাতি-জনগণ সবাই ব্যস্ত।
আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, জাতি একজন কাঙ্ক্ষিত জনপ্রিয় গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।’
বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে সম্পর্কটা কেমন যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন- দুই দেশের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন।




