নিজস্ব প্রতিবেদক :::
৫০ হাজারের বেশি তরুণ-তরুণীকে রোগী, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের দেখাশোনার কাজে প্রশিক্ষণ দিতে ৮৩৪ কোটি ৪৫ লাখ টাকার একটি প্রকল্প নিয়েছে বাংলাদেশ সরকার। প্রশিক্ষণে রোগীর যত্ন নেওয়া ও ওষুধ দেওয়া, রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং দৈনন্দিন কাজে সহায়তা করানো শেখানো হবে। বিদেশে যেতে ইচ্ছুকদের প্রয়োজনীয় ভাষা শেখানো হবে। বিশেষভাবে ১,৯৫০ জনকে জাপানি ভাষাসহ প্রশিক্ষণ দেওয়া হবে।
১৮ থেকে ৩৫ বছর বয়সী এসএসসি পাসকারীরা পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। দেশের ১৩টি মহানগরীর ৫০১টি ওয়ার্ডে ৩৩টি কেন্দ্রে ৫০,১০০ জনকে এই প্রশিক্ষণটি দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৬০ শতাংশকে চাকরির আওতায় আনার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা ৯ লাখের বেশি এবং মোট বেকার প্রায় ২৬ থেকে ২৭ লাখ। প্রতি ১০০ জন বেকারের মধ্যে প্রায় ২৮ জন উচ্চশিক্ষিত। দিন দিন বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি ও পরিবার কাঠামোর পরিবর্তনের কারণে দেশে পরিচর্যাকারীর চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাবে, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশে এ খাতে প্রায় ৭০ লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপেও পরিচর্যাকারীর বার্ষিক চাহিদা ৫-৭% হারে বাড়ছে। ২০৩৩ থেকে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যাগত সুবিধা কমতে পারে। তাই তরুণদের দক্ষ করে এই খাতে দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরি করাই প্রকল্পটির মূল লক্ষ্য।




