আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার হওয়া দুই ক্রু সদস্যই সুস্থ আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হেলিকপ্টারটি ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে বিধ্বস্ত হয়। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোন পানিতে তাদের খুঁজে পেয়ে দুজন ক্রু সদস্যকে উদ্ধার করে।
প্রায় দুই ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয় এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তবে এখনো জানা যায়নি হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছে।
এটি ইরানি হামলায় ভূপাতিত হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরে বিস্তারিত প্রতিবেদন জানানো হবে।
তিনি নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।’
ইরান ও ইসরায়েল সোমবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর তারা একে অপরের ওপর হামলা বন্ধ করেছে এবং ৮ এপ্রিল ঘোষণা হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে ফিরে গেছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধের পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম আগের দিনের বেশিরভাগ বাড়তি মূল্য হারায়। এর আগে দুই দেশের পাল্টা হামলার কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল।




